
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের বাকলিয়ায় মহিউদ্দিন হত্যার মাস্টারমাইন্ড মাদক ব্যবসায়ী আবদুস সোবহানকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(৮ আগস্ট) ভোরে বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুস সোবাহান ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুরুল ইসলামের ছেলে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোবহান স্বীকার করেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় সে মহিউদ্দিনকে হত্যার পরিবকল্পনা করে। তার পরিকল্পনা ও নির্দেশনায় তার সহযোগীরা মহিউদ্দিনকে গুলি করে হত্যা করে।
২৫ জুলাই বিকাল ৫টার দিকে বাকলিয়া থানার ৫নং ব্রিজসংলগ্ন গাফফারের কলোনি থেকে মহিউদ্দিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছিল। ওই ঘটনায় পুলিশ আসিফ ও সুমন নামে দুই আসামিকে গ্রেফতার করে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। দুজনই হত্যার নির্দেশদাতা হিসেবে আবদুস সোবহানের নাম উল্লেখ করে।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের টিম সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোবহানকে গ্রেফতার করেছে। সোবহানের বিরুদ্ধে শাহেদ হত্যা মামলা, অস্ত্র ও মাদক মামলাসহ ১৮টি মামলা রয়েছে।