নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম এবং খাদ্যদ্রব্য তৈরিতে অনিয়মের দায়ে আরও চারটি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরীর ফলমন্ডি, স্টেশন রোড ও দেওয়ানহাট এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, মোড়কজাতকরণের বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরে তেল মেখে প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া খাদ্যদ্রব্য রান্নায় নিষিদ্ধ কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করার দায়ে দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
