
মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। রবিবার দুপুরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অর্থনৈতিক অঞ্চল সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন আলাউদ্দিন। উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’ নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার আবুল কাশেমের ছেলে। চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন তিনি।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা আসছেন, এরপর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ কর্মকর্তারা।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
