
অনলাইন ডেস্ক: লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে সোমবার (২৫ মে) স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়।লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, ফিরে আসা নাগরিকদের মধ্যে ত্রিপলি ৬২ জন এবং বেনগাজীর ১০৮ জন রয়েছেন। এসব অভিবাসীরা লিবিয়ায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতিতে অবস্থান করছিলেন।এছাড়াও তাদের মধ্যে মোট ১৬ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এদের মধ্যে গত ২০ এপ্রিল দূতাবাসের প্রচেষ্টায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে মুক্ত হওয়া ৩৭ জন বাংলাদেশি নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন।
দেশের ফেরার আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ ২৩ মে দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সিলর (শ্রম) এবং প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।
মান্যবর রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং নেতিবাচক প্রভাব সম্পর্কে প্রত্যাবাসিতদের সচেতন করেন। তিনি দেশে ফিরে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করার আহ্বান জানান।
প্রসঙ্গত, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ মে ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসনের লক্ষে দূতাবাস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
