Home / অপরাধ / কর্ণফুলীতে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কর্ণফুলীতে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নগর মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) । কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ফিরোজপুরের নাজিরপুর থানার, ছোট আমতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজানুর রহমান মিরাজ (৪০), বরিশালের গৌরনদী থানার হুসনাবাজ এলাকার মো. আরজ আলীর ছেলে মো. ইলিয়াছ (৩৭) ও একই জেলা ও থানার বিল্লু গ্রামের মো. আজহার হাওলাদারের ছেলে মো. আব্দুল আলীম (৩৭)।
সিএমপি সূত্র জানায়, ডিবি (উত্তর) বিভাগের টিম-৩১ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে আসা ঢাকা মেট্রো-গ-২৯-১০৫১ নম্বরের একটি প্রাইভেটকার থামায়। এ সময় গাড়ির চালক মো. আব্দুল আলীমকে আটক করা হয়।
পরে গাড়ির পেছনের অংশে থাকা একটি লাগেজ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি খাকি কাগজের প্যাকেটে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় পাঁচ কেজি বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলীম পুলিশকে জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা গাড়ির মালিক অপর একটি প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থানে পুনরায় চেকপোস্ট অভিযান চালানো হয়।
এরপর দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা মেট্রো-গ-২৬-৩৫৮২ নম্বরের আরেকটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা মো. মিজানুর রহমান মিরাজ ও মো. ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মিজানুর রহমান মিরাজ ও মো. ইলিয়াছের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Check Also

শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করার আহ্বান : মাসুম

খবর বিচ্ঞপ্তি : আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল (আইএইচআরসিজি) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম …