শিরোনাম

চট্টগ্রামে নকশাবহির্ভূত ৯ ভবন সিলগালা, ১৫ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বায়েজিদ ও বাকলিয়া এলাকায় নকশাবহির্ভূত ভবন এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এ সময় চউকের নিজস্ব জায়গা দখল করে গড়ে তোলা ১৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অনুমোদনহীন নির্মাণের দায়ে সিলগালা করা হয়েছে ৯টি ভবন।

সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। এ সময় চউকের অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চউক সূত্র জানায়, অথরাইজড অফিসার-১-এর আওতাধীন এলাকায় সংস্থাটির নিজস্ব জমিতে অবৈধভাবে নির্মিত ১৫টি দোকান উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হয়। একই এলাকায় ১০টি ভবনে অভিযান চালানো হয়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে ৯টি ভবন তাৎক্ষণিক সিলগালা করা হয়। অপর একটি ভবনের মালিককে বিধি মেনে নির্মাণকাজ করার জন্য সতর্ক করা হয়েছে।

চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, একটি বাসযোগ্য, নিরাপদ ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে চউক বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে সংস্থাটির অবস্থান কঠোর।

তিনি আরও বলেন, জনস্বার্থে ও নগরের শৃঙ্খলা ফেরাতে নকশাবহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Check Also

এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ ৩ কর্মচারী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় …