কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি অক্ষত থাকলেও তার চাচাতো ভাই মোহাম্মদ মহিউদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ দুই জনকে আটক করেছে।রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে আদালত ভবনের দক্ষিণ পাশের চলাচলের সড়কে এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, একটি মামলায় হাজিরা দিতে আদালতে প্রবেশের সময় ৬ থেকে ৭ জন সশস্ত্র দুর্বৃত্ত লিয়াকত আলী সিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি দ্রুত আদালত ভবনের ভেতরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় গুলিবিদ্ধ হন মহিউদ্দিন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল ও একটি সাদা রঙের মাইক্রোবাসে করে পালিয়ে যায়। তবে এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে জনতা।
লিয়াকত আলীর ছোট ভাই মোহাম্মদ জায়েদ অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ চলছিল। তিনি দাবি করেন, ‘খালেক বাহিনী’ নামে পরিচিত একটি গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে ওই পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে আদালতের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।