নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী থানার এগারো বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলার প্রধান আসামি মো. ফয়সাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি ফয়সাল এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এর আগে বুধবার (২০ মে) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে মো. ফয়সালকে (১৯) গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।
পুলিশ জানিয়েছেন, গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজার এলাকার একটি তুলার গুদামে এগারো বছরের এক শিশু কন্যাকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করা হয়।পরবর্তীতে শিশুটি চিৎকার করলে ফয়সাল ও তার এক সহযোগী তাকে হত্যা করে। হত্যার পর লাশ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, এগারো কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি মো. ফয়সাল ঘটনার পর বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারে হাটহাজারী থানা পুলিশ খাগড়াছড়ির মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়।পরে টানা ৭২ ঘণ্টার অভিযানের পর বুধবার নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে ফয়সাল ঘটনার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ধরনের জঘন্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।