অনলাইন ডেস্ক: মেহেরপুর শহরে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত প্রতারণার কৌশল ব্যবহার করে এক নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১০ মে) দুপুরে শহরের ব্যস্ততম হোটেল বাজার মোড়ে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আনোয়ারা খাতুন শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা ও ইয়ালিদ হোসেনের স্ত্রী।আনোয়ারা খাতুন জানান, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তিনি বাসা থেকে বের হয়ে হোটেল বাজার মোড়ে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার সঙ্গে কথা বলা শুরু করে।
একপর্যায়ে ওই ব্যক্তি কৌশলে তার নাকের সামনে গন্ধযুক্ত কোনো বস্তু ধরে বা শুঁকতে দেয়।এর কিছুক্ষণ পর তিনি মাথা ঝিমঝিম, দুর্বলতা এবং অসংলগ্ন আচরণ অনুভব করেন। এই সুযোগে দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ ৫০০ টাকা এবং কানে থাকা দুইটি স্বর্ণের দুল খুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি কিছুটা স্বাভাবিক হলে ঘটনার বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি শহরে অজ্ঞান পার্টি ও প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। বিশেষ করে বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় নারীদের টার্গেট করে তারা নানা কৌশলে প্রতারণা ও ছিনতাই করছে।মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।প্রতারক চক্রের তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো কিছু গ্রহণ না করতে সবাইকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে।”